মামার ৯৯৯ কলে মুক্তি পেল অপহৃত এসএসসি পরীক্ষার্থী

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪ পিএম

দিনাজপুরে এক এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনায় ৪ যুবককে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

মুক্তিপণ দাবি করলে অপহৃত ওই শিক্ষার্থীর মামা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাইলে দিনাজপুরে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. রনি ইসলাম (২১), মো. মনিরুল ইসলাম (২২), মো. জিল্লুর মেহিদী (১৯), মো. মামুন হোসেন (১৯)। আটকদের সবার বাড়ি দিনাজপুর সদরের ফকিরপাড়া এলাকায়।

এ ঘটনায় অপহৃত ওই এসএসসি পরীক্ষার্থীর মামা মো. লুৎফর রহমান বাদী হয়ে গত শনিবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় ৭ জনসহ অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মো. সাকিব আহমেদ (১৭) নামের এক এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী গণিত পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সদরের রাণীগঞ্জ মোড় এলাকা থেকে শহরের ফকিরপাড়া এলাকার কয়েকজন অপহরণকারী সাকিব আহমেদকে জোরপূর্বক মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। মোটরসাইকেলে তোলার সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাদের কিলঘুষি ও মারধর করে সাকিবকে নিয়ে যায়। পরে সেখান থেকে অপহরণকারীরা উপজেলার আত্রাই নদীর পশ্চিমপাড়ে কবরস্থানের পাশে একটি টিনের ঘরে অবরুদ্ধ করে রাখে এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাকিবের পরিবারের কাছে।

অপহৃত শিক্ষার্থীর মামা মো. লুৎফর রহমান বলেন, অপহরণকারীদের মোবাইল থেকে আমাকে ফোন করে তারা বলে, তোমার ভাগনে সাকিব আমাদের কাছে আটক আছে। যদি তোমার ভাগনেকে বাঁচাতে চাও তাহলে ২ লাখ টাকা নিয়ে বীরগাস্থ কবরস্থানের পাশে চলে এসো। বিষয়টি শোনার পর আমি সরকারি টোল ফ্রি ৯৯৯ কল করে পুলিশের সহায়তা চাই।

পুলিশ বীরগাস্থ কবরস্থানের পাশে গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন অপহরণকারী পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশের সহায়তায় রক্তাক্ত অবস্থায় সাকিবকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ছোবহান বলেন, ‘আমরা খবর পেয়েই সেখানে ছুটে গিয়ে ঘটনাস্থল ঘেরাও করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ৩জন পালিয়ে গেলেও বাকি ৪জনকে আটক করতে সক্ষম হই। পরে সেখান থেকে অপহরণকারীদের দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বাকি আসামিদের ধরতেও আমাদের কার্যক্রম চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত