আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নতি হচ্ছে না। যদিও অর্থনৈতিক ও সামাজিক সূচকে বিশ্বে অনেক এগিয়েছে বাংলাদেশ। কিন্তু সহজে ব্যবসা করা সংক্রান্ত বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টে বাংলাদেশের অবস্থা সন্তোষজনক নয়। এর সবচেয়ে বড় কারণ বিনিয়োগের অনুমোদন সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা। এতে বিনিয়োগের অনুমোদন পেতে অনেক দিন লেগে যায়। আর এ অবস্থার উত্তরণে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু হচ্ছে। এটি সঠিকভাবে কার্যকর করতে পারলে বিনিয়োগে চেহারা বদলে যাবে।
গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেট্রোপলিটান চেম্বারের প্রেসিডেন্ট নিহাত কবির এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রূপালী হক চৌধুরী।
বক্তারা বলেন, যদিও বিশ্বব্যাংকের ডুইং বিজনেস রিপোর্টে গত বছর ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এরপরও ১৯০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১৬৮তম। ২০২১ সালের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কে অর্থাৎ ১০০’র নিচে নামিয়ে আনতে হবে। এতে ওএসএসের বিভিন্ন দিক তুলে ধরে বিডা।
বর্তমানে বিডার ১৪টি সার্ভিসের মাধ্যমে পাওয়া যাচ্ছে।অনুষ্ঠানে আরও জানানো হয়, ৩৫টি এজেন্সির মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে ১৫৪টি সেবা দিতে চাচ্ছে বিডা। আর এসব সেবা চালু হলে দেশে বিনিয়োগ বাড়বে।
