গুলিতে প্রাণ গেল প্রবাসী যুবকের, ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী যুবক। এই সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত নুরুন নবীর (৩২) মা ও ছোট ভাই।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকার একটি বাড়িতে ঘটে এই ঘটনা। এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন দুই ব্যক্তি।  তারা উপজেলার উত্তরের জুম এলাকার বাসিন্দা।

নুরুন নবীর ভাতিজা মো. দেলোয়ার হোসেন জানান, এক মাস আগে নুরুন নবী মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গত রবিবার বিয়ে করেন তিনি। মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে পাঁচজন অতিথি বেড়াতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বিদায় দেওয়ার পরেই বাড়িতে হামলে পড়ে ডাকাতদল। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে নুরুন নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গুলিবিদ্ধ হন নুরুন নবীর মা হাজেরা খাতুন ও ছোটভাই মোজাম্মেল।

পরে স্থানীয়রা খবর দিলে পেকুয়া থানার ওসি কামরুল আজমের নেতৃত্বে পুলিশ নুরুন নবীর মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার উত্তরের ঝুম এলাকার জামাল হোসেন (৩৫) ও কাইছার (২৮) নামের দুই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সে সময় নাসির (২৬) নামের আরও একজন গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য আহমদ ছফি, ইউপি সদস্য আবু ছিদ্দিক জানিয়েছেন, প্রবাসী নুরুন নবীর বাড়িতে ডাকাতি ও তাকে হত্যার ঘটনাটি খুব মর্মান্তিক। এলাকাবাসী তা মেনে নিতে পারেনি। বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ি এলাকায় ডাকাতদলের সন্ধানে তল্লাশি অভিযান চালায়। তিন ডাকাতকে স্থানীয়রা পাকড়াওয়ের চেষ্টা করলে তারা স্থানীয়দের ওপর হামলার চেষ্টা করে। ওই সময় স্থানীয়দের গণপিটুনি শুরু হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত এবং আহত হয় একজন। পুলিশ বেলা ১১টার সময় নিহতের লাশ উদ্ধার করেন।

পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম জানিয়েছেন, মঙ্গলবার রাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় প্রবাসী নুরুন নবীর বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র লোক। তাদের গুলিতে প্রাণ হারান মালয়েশিয়া প্রবাসী নুরুন নবী। আহত হন তার মা ও ভাই। আহতরা বেশ কয়েকজন হামলাকারীকে চিনে ফেলেন।

তাদের দেওয়া তথ্যমতে, বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী জামাল উদ্দিন, মো. কাইছার ও নাসির হোসেনকে ধরে নিয়ে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় জামাল উদ্দিন ও মো. কাইছার।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত