বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টসের মশাল যাত্রা শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৯ পিএম

বছর ঘুরে ফের শুরু হতে যাচ্ছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। ১ মার্চ থেকে দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৮০০ ক্রীড়াবিদ মেতে উঠবেন দেড় মাসব্যাপী এই গেমসে।

১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১২টি ডিসিপ্লিনের এই গেমস। বিশাল এই আয়োজনকে সামনে রেখে বুধবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে গেমসের মশাল যাত্রা শুরু হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গেমস সাংগঠনিক কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এর উদ্বোধন করেন।

গত বছর থেকে শুরু এই গেমসের প্রতিপাদ্য ছিল মাদকের বিরুদ্ধে লড়াই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’।

বঙ্গবন্ধুর এই মহান উক্তি বুকে লালন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজন করতে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট স্পেলবাউন্ড লিও বার্নেট। এ বছর দুটি নতুন ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে গেমসে।

১২ ডিসিপ্লিন হলো- ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টন। গেমসের মশাল সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিক্রমণ করে সমাপনী দিনে ঢাকায় এসে শেষ হবে।

১ মার্চ গেমসের শুরু হবে হাতিরঝিলে ম্যারাথনের মধ্য দিয়ে। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে হবে এই আসর।

এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং গেমসের সাংগঠনিক কমিটির সদস্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, সংসদ সদস্য এবং আয়োজক কমিটির সহসভাপতি নাহিম রাজ্জাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত