কলেজছাত্রী ধর্ষণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫ পিএম

বরিশালে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের কর্মচারি বনি আমিনকে চার দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। অভিযুক্ত বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার এক কলেজছাত্রীকে নগরীর নথুল্লাবাদ থেকে অপহরণের পর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নগরীর বিমান বন্দর থানায় বনি আমিনের বিরুদ্ধে মামলা হয়। পরদিন সোমবার ওই ছাত্রীকে ঝালকাঠিতে বনি আমিনের এক নিকটাত্মিয়ের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছাত্রলীগ নেতা বনি আমিন। ইতিমধ্যে সংগঠন থেকে তাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

তবে চার দিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। অভিযুক্ত বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পাপতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বনি আমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বরিশাল নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। জেলা নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক পুষ্প চক্রবর্তী বলেন, অভিযুক্ত বনি আমিনকে গ্রেপ্তারের দাবিতে তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অদ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বনি আমিনের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে জোরাল চেষ্টার পাশাপাশি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আবু রায়হান মোহাম্মদ সালেহ।

বনি আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি এবং জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। ধর্ষণের অভিযোগ ওঠায় মঙ্গলবার রাতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত