আওয়ামী লীগের কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, দলটির নেতাকর্মীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ারও কোনো অধিকার নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গণফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, আমরা চেয়েছিলাম জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের (আওয়ামী লীগ) বিদায় করব। ২০১৮ সালে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন আমি বঙ্গবন্ধুকন্যা, আমি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকব না। অথচ আপনি দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসে তাকে অপমান করেছেন। তাই বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনো অধিকার আওয়ামী লীগের নেই।
তিনি বলেন, আপনারা এখন জনগণের রক্ত চুষছেন। আপনাদের কোনো মায়া-দয়া নেই। সরকার আমাদের সবকিছু পাগলা হাতির মতো তছনছ করে দিচ্ছে। আমাদের প্রশাসন ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয়করণ করেছে। নির্বাচন কমিশনকে নষ্ট করেছে।
এ সময় সরকারের উদ্দেশে গণফোরামের অপর নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আপনারা নিজের কাছে নিজেই প্রশ্ন করেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে এবং তার আদর্শের সঙ্গে কত বড় অপরাধ করছেন?
গতকালের সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, যুব সদস্য সচিব মাহামুদুল্লাহ মধু প্রমুখ।
