দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর দেশে ফিরল কল্পনার মৃতদেহ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৮ পিএম

ঢাকার দোহার উপজেলার বটিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী ওরফে শেখ ইয়ানুছের মেয়ে কল্পনা। লেবাননে সন্তান প্রসবের সময় নবজাতকসহ মারা যান তিনি। মৃত্যুর পর তার মরদেহ দেশে আনতে না পারার আকুতি ছিলো মা ময়না বেগমের। এমন হৃদয়বিদারক ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বটিয়া গ্রামে ছুটে যান আমাদের দেশ রুপান্তরের দোহার-নবাবগঞ্জ ঢাকা সংবাদদাতা মো. কাজী সোহেল।

এরপর ১৬ জানুয়ারি ২০২০ দেশ রূপান্তরে ‘লেবাননে থাকা মেয়ের লাশ ফিরে পেতে বৃদ্ধা মায়ের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরে সংবাদটি একটি এনজিও সংস্থার নজরে পড়ে। তাদের সহযোগিতায় এবং সরকারি উদ্যোগে কল্পনার মৃতদেহ দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়।

শুক্রবার সকালে কল্পনার মৃতদেহ বাংলাদেশে আসে। পরে তার গ্রামে সামাজিক কবরস্থানে লাশ দাফন হয়। 

দেড় বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার মহন নামে এক ছেলেকে ভালোবেসে বিয়ে করেন কল্পনা। লেবাননের সাঈদা জেলার শেরাফন এলাকায় বসবাস করতেন ওই দম্পতি। এরই মধ্যে কল্পনার গর্ভে আসে সন্তান। গত বছর নভেম্বর মাসে স্বামী ছুটিতে চলে আসেন দেশে। পরে ৫ ডিসেম্বর প্রসব বেদনায় সাঈদা জেলার সাইরান হাসপাতালে ভর্তি হন কল্পনা। পরের দিন কল্পনা একটি মৃত সন্তান জন্ম দেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। কল্পনার মরদেহ রাখা হয়েছিলো হাসপাতালটির হিমঘরে। মৃত্যুর প্রায় দুই মাস পর দেশে ফিরে আসে কল্পনার মৃতদেহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত