অনিয়মই এখন দেশে নিয়মে পরিণত হয়েছে : রিজভী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩০ এএম

অনিয়মই এখন দেশে নিয়মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নারী ও শিশু ধর্ষণ এখন নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং মানবিক মর্যাদা নেই। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘রাষ্ট্র ও সমাজের সবখানেই এখন অনিয়ম আর দুর্নীতি। রেললাইন নির্মাণ কিংবা ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশের ব্যবহার নিয়ে তথ্য-প্রমাণসহপত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে। কিন্তু সরকারের টনক নড়েনি। দুর্নীতির দর্শনে বিশ্বাসী সরকারের পৃষ্ঠপোষকতায় চৌর্যবৃত্তির ব্যাপক বিস্তার ছাড়া যে অন্য কিছু হবে না, সেটির ছবিই এখন চারদিকে দৃশ্যমান।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরটি ঘোষণা করেছেন তার পিতার নামে (মুজিববর্ষ)। মানুষের ধারণা ছিল, তার পিতার সম্মানে হলেও মানুষকে

একটু স্বস্তি ও নিরাপত্তা দেবেন। বন্ধ করবেন ব্যাংক ডাকাতি, লুটপাট আর টাকা পাচারের মহোৎসব। বন্ধ করবেন বিরোধীপক্ষের প্রতি কুৎসা রটানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতিদিনই হতাশার খবর ছাড়া আর কোনো খবর নেই। দেশজুড়ে নানা অপরাধের মধ্যে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষিত হচ্ছে নারী ও শিশু। আর এর অপরাধীদের অধিকাংশই ক্ষমতাসীনদের লোক।’

রিজভী বলেন, ‘গত এক দশকে ৯ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮১০ কোটি টাকা লোপাট হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হয়ে পড়েছে দেউলিয়া। এসব প্রকাশ্য ডাকাতিতে নিশিরাতের সরকারের নীরবতাই প্রমাণ করে ডাকাতির সঙ্গে তারা জড়িত।’

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে তিনি আরও বলেন, ‘অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আবেদ রেজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত