ময়মনসিংহের ভালুকায় পূর্বসূত্রতার জেরে কলেজছাত্রসহ (১৭) দুই তরুণকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। পরে তাদের বেঁধে রাখা অবস্থায় ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে ‘গরুচোর’ আখ্যা দিয়ে আপলোড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার বিরুনীয়া গ্রামে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া গ্রামের আজিজুল হকের বাবা আবদুল কাদির পূর্বশত্রুতার জেরে হামলায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। আবদুল কাদিরকে হাসপাতালে দেখতে গিয়ে আজিজুল তার কলেজ পড়–য়া মামাতো ভাইকে নিয়ে শুক্রবার সকালে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার সাদির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একই এলাকার জসীম, ইব্রাহীম, জামাল ও সুরুজ মিয়া তাদের ধরে নিয়ে জসিমের বাড়িতে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে নির্যাতনের ছবি তুলে জসিমের ফেইসবুক আইডিতে ‘গরুচোর’ উল্লেখ করে প্রচার করেন।
নির্যাতনের শিকার ভালুকা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র বলেন, ‘পূর্বশত্রুতার জেরে জসিমসহ অন্যরা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে বেঁধে নির্যাতন করে এবং ফেইসবুকে ছবি দিয়ে ‘গরুচোর’ লিখে প্রচার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সুরুজ মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে অভিযুক্তরা কথা শুনেনি। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, নির্যাতনের শিকার দুই তরুণকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
