সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

‘আইএসবধূ’ শামীমা বাংলাদেশে ঢুকতে পারবে না

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তার মতো কোনো জঙ্গিই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। গতকাল শনিবার সিলেটে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোমেন বলেন, ‘আইএসবধূ হিসেবে পরিচিত শামীমার জন্ম ইংল্যান্ডে। তার মা-বাবা সবাই সেখানকার নাগরিক। তাই শামীমার ব্যাপারে যা করার ইংল্যান্ডই করবে। বাংলাদেশের কিছু করার নেই।’ এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘চীনে অবস্থানরত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে। এ ব্যাপারে সরকার বিস্তারিত জানার চেষ্টায় রয়েছে। এখন পর্যন্ত কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি।’

নগরীর একটি কমিউনিটি সেন্টারে মোয়াজ্জেম-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সাফল্যের শীর্ষে রয়েছে শিক্ষা। যেকোনো সময়ের তুলনায় শিক্ষা বিস্তারে অসামান্য সফলতা দেখিয়েছে সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত দেশ।

ফাউন্ডেশন চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত