চাঁদপুরে শিশু শিক্ষার্থীদের থুতু খাওয়ানোর ঘটনায় সেই শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৭ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির কাজ জমা না দেওয়ায় (হোমওয়ার্ক) ৫ শিশু শিক্ষার্থীকে জোর করে নিজের থুতু খাওয়ানোর অভিযোগ ওঠা শিক্ষক মোশারফ তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ফরিদগঞ্জের ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারফের বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন দেশ রূপান্তরকে জানান, গতকাল সকালে ঘটনাস্থল শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি শিক্ষক মোশারফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি শ্রীকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোশারফ তালুকদার ৪র্থ শ্রেণির রুটিন অনুযায়ী বাড়ির কাজ জমা না দেওয়ায় শাস্তি হিসেবে পাঁচ শিক্ষার্থীকে জোর করে নিজের মুখের থুতু খাইয়ে দেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো- সাবিকুন্নাহার, ফাতেমা আক্তার, মারিয়া আক্তার, শামীম হোসেন ও জনি হোসেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হান্নান শিক্ষক মোশারফের হয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ক্ষমা চান। কিন্তু ওই ঘটনায় শিক্ষক মোশারফ নিজে কারও কাছে ক্ষমা চাননি। পরে গত ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী সাবিকুন্নাহারের বাবা মো. মামুন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানের মাধ্যমে শিক্ষক মোশারফের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দেন। গত বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত তদন্ত করে অভিযোগের সত্যতা পান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান। পরে ওইদিনই বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষক মোশারফকে তাৎক্ষণিক বরখাস্ত করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক মোশারফ তালুকদার বলেন, ‘ঘটনাটি এমন রূপ নেবে তা ভাবতে পারিনি। তিলকে তাল বানিয়ে আমার বিরুদ্ধে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন বলেন, ‘এই ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংক্ষিপ্তভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষক মোশারফ তালুকদার তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আগামী রবিবার (আজ) চাঁদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হবে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত