সভাপতি হওয়ার হওয়ার জন্য সাত মাসের শিশুকে স্কুলে ভর্তি!

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সাত মাস বয়সের শিশুকে স্কুলে ভর্তি করার খবর পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জনতা ব্যাংকের সুবচনী শাখার ব্যবস্থাপক বিল্লাল হোসেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য কৌশলে তার মেয়েকে রাউৎভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

স্থানীয়রা জানান, ব্যাংক কর্মকর্তা বিল্লাল হোসেন দুই বছর আগে বিয়ে করেছেন। সাত মাস আগে তার মেয়ের জন্ম হয়েছে।

রাউৎভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ভর্তি রেজিস্ট্রারে ২৮ নম্বর ক্রমিকে বিল্লাল হোসেনের মেয়ে জুয়াইরিয়া নীলের নাম রয়েছে। শিশুটির প্রকৃত জন্মতারিখ আড়াল করে ৯ নভেম্বর ২০১৫ দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন বিল্লাল। সভাপতি হতে হলে ওই শিক্ষার্থীর অভিভাবক হতে হয়। তাই বিল্লাল হোসেন নিজের ক্ষমতা ব্যবহার করে তার সাত মাসের মেয়েকে স্কুলে ভর্তি করেছেন।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম হুমায়ুন কবির বলেন, আমি বিদ্যালয়ে অনুপস্থিত থাকা অবস্থায় বিল্লাল হোসেন ও এলাকার কাইয়ুম শেখ বিদ্যালয়ে আসেন। তারা সহকারী শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে জোর করে জুয়াইরিয়া নীল নামের ওই শিশুকে বিদ্যালয়ে ভর্তি করান। পরে জানতে পেরেছি ওই শিশুর বয়স মাত্র সাত মাস।

এ বিষয়ে বিল্লাল হোসেন দাবি করেন, আমার মেয়ের বয়স ১৫ মাস। মেয়েকে আমি বিদ্যালয়ে ভর্তি করাইনি। বিদ্যালয়ের সভাপতি হওয়ারও আমার আগ্রহ নেই। যারা আমাকে এলাকার শিক্ষিত মানুষ হিসেবে সভাপতি বানাতে চাচ্ছেন, তারাই মেয়ের নামটি রেজিস্ট্রার খাতায় লিখেছেন। এ ব্যাপারে আমি কিছু জানি না।

এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বলেন, সাত মাসের শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে শুনে আমার লজ্জা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত