চারঘাটে দেড় মাসেও পরিচয় মেলেনি পঞ্চাশোর্ধ নারীর

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় পঞ্চাশোর্ধ এক নারীকে বাড়িতে আশ্রয় দিয়ে এখন বেকায়দায় পড়েছেন আশ্রয়দাতা। ওই নারীর ঠিকানা দেড় মাস ধরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।  

স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীর বিষয়ে কেউ এগিয়ে আসেনি। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন ওই নারী ও আশ্রয়দাতা।

ওই নারী নিজের নাম ময়না, স্বামীর নাম তবির আলী এবং নাতিদের নাম বাবু, জিহাদ, ওবাইদুল বলে মাঝেমধ্যেই কাঁদেন।

গত ৬ জানুয়ারি সকালে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডাকরায় সড়কের পাশে আগুন জ্বেলে শীত নিবারণ করছিলেন ওই এলাকার জব্বার আলীর ছেলে নজরুল ইসলামসহ কয়েকজন। এ সময় ওই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছিলেন পঞ্চাশোর্ধ ওই নারী। তাকে থামিয়ে ঠিকানা জানতে চাইলে তিনি তা বলতে পারেননি। নিজের নাম ময়না, স্বামী তবির এবং তিন নাতির নাম ছাড়া বিস্তারিত পরিচয় দিতে পারেননি তিনি।

খুব সহজে ওই নারীর পরিচয় উদ্ধার করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা যাবে ভেবে নজরুল ইসলাম ওই নারীকে নিজের বাড়িতে আশ্রয় দেন।

পরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে সবাই ওই নারীর পরিচয় জানার চেষ্টা করেন।

নজরুল বলেন, ওই নারী শুধু কয়েকটি নাম বলেই কাঁদতে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক বলেন, ওই নারীর স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত