বরগুনার তালতলী উপজেলার সরকারি কলেজের উপাধ্যক্ষ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে শহরের কলাবাগান এলাকার বাড়িতে তাদের ওপর এ হামলা হয়। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের প্রথমে তালতলী উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তারা হলেন, তালতলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবদুর রহমান (৫৫) ও তার স্ত্রী মাহফুজা বেগম (৪৭)। এদিকে শিক্ষককে কোপানোর ঘটনায় রবিবার দুপুরে তালতলী সরকারি কলেজের শিক্ষার্থীরা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়ে কলেজ চত্বরে মানববন্ধন করেন।
স্থানীয়রা জানান, মধ্যরাতের পর একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। বাসায় তারা দুজন থাকতেন।
আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, কী কারণে, কারা কুপিয়ে জখম করেছে, তা তিনি বুঝতে পারছেন না। তবে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে কি না, তা বাবা-মা সুস্থ হওয়ার পর জানা যাবে।
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুর রহমান বলেন, কী কারণে একজন কলেজ শিক্ষকের ওপর হামলা হয়েছে তা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
