করোনাভাইরাস রোগে আক্রান্ত সন্দেহে চীন থেকে আসা এক মেডিকেল কলেজ ছাত্রকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রায়হান (২৮) নামে ওই শিক্ষার্থীর বাসা হবিগঞ্জ শহরে। তিনি চীনের একটি মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন।
গত ৮ ফেব্রুয়ারি তিনি চীন থেকে দেশে ফেরেন। এরপর ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে কিছুদিন কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, চীন ফেরত ওই শিক্ষার্থী গত তিন দিন ধরে সর্দি কাশি ও ঘাড় ব্যথায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাকে প্রাথমিকভাবে করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবে ভর্তি নেওয়া হয়েছে।
ইতিমধ্যে তার রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রক্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তিনি আক্রান্ত কি-না। ২/১ দিনের মধ্যেই এ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করছেন ডাক্তার।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাস চিকিৎসার জন্য হাসপাতালের একজন মেডিসিন চিকিৎসককে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। এ ছাড়া এ সংক্রান্ত রোগীকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের একটি কক্ষে রাখা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্স ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
