সচিবদের গাড়ির জ্বালানির বরাদ্দ বাড়ল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ পিএম

সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তারা তাদের সরকারি গাড়ির জ্বালানির হিসেবে এখন থেকে ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন।

আগে তারা মাসে ১৮০ লিটার পেট্রোল বা ২৭০ ঘনমিটার সিএনজি পেতেন।

প্রশাসনের সব শীর্ষ কর্তাদের জন্য জ্বালানির বরাদ্দ বাড়িয়ে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেল/সিএনজির প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি পুনর্নির্ধারণ করা হল’।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুই যুগেরও বেশি সময় আগে সচিবদের জ্বালানি তেলের প্রাপ্যতার হার নির্ধারণ করা হয়েছিল। এখন চাহিদা বেড়েছে।

গত বছর জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) গাড়িতে ব্যবহারের জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার সিএনজি করা হয়।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার ৭৭ জন কর্মকর্তা আছেন। এর বাইরেও চুক্তিতে নিয়োজিতে বেশ কয়েকজন কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত