একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হবেন। পরে সেখান থেকে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করবেন শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। এর আগে ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় সুপ্রিমকোর্ট বার মিলনায়তন বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা হবে।
