পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই চিন্তিত। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বর্জ্যকে পরিবেশসম্মত প্রক্রিয়ায় কাজে লাগানোর নির্দেশনাও দিয়েছেন। এ প্রসঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একটি বিদেশি কোম্পানির আগ্রহকে তিনি স্বাগত জানিয়েছেন।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে এসব বিষয়ের পাশাপাশি অনুমোদিত বিভিন্ন প্রকল্পের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, গতকাল প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মোট ৯টি প্রকল্প অনুমোদন পেয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী খুবই চিন্তিত। বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে বলেছেন। বর্জ্য ব্যবস্থাপনার কথা তিনি আগেও বলেছেন। বর্জ্য দিয়ে বিদেশি কোম্পানি যদি বিদ্যুৎ উৎপাদন করতে চায় তবে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিবেশ উন্নয়নে ঢাকা শহরে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নিতে বলেছেন। এছাড়া সড়কের দুই পাশে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জলাশয় পরিষ্কার রাখতে বলেছেন। যাতে ব্রিজ ভেঙে গেলে অথবা নির্মাণকালে নৌকাসহ অন্যান্য জলযান দিয়ে পারাপার করা যায়।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন বন্দর ও স্টেশনসহ যেসব জায়গায় স্ক্যানার মেশিনের প্রয়োজন রয়েছে, সেসব স্থানে স্ক্যানার মেশিন স্থাপনের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল একনেকে ৯টি প্রকল্প অনুমোদিত হয়। এগুলো সবই নতুন প্রকল্প। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৬৩৯ কোটি টাকা। এই ব্যয়ে ৮ হাজার ৮৮৬ কোটি টাকা দেবে সরকার। ২৯৩ কোটি টাকা দেবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। আর বৈদেশিক ঋণ নেওয়া হবে ৪ হাজার ৪৫৯ কোটি টাকা।
