খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায় : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬ এএম

বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তেমন একটা মঙ্গল চায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে বন্দি রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা কেউ না দেখার ভান করে চলে। যারা না দেখার ভান করে চলে, তাদের রাজনীতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে।

হাছান মাহমুদ আরও বলেন, সরকারই যে শতভাগ ভালো কাজ করবে, এটা বলব না। কিছু ভুল হতেই পারে। আর সেগুলো সমালোচনা করবে বিরোধী দল।

এছাড়া খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি প্যারোলের কথা বলেননি। আবার তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে, পত্র-পত্রিকায় দেখলাম। যদিও এখনো কোনো আবেদন পড়েনি বলে জানান তিনি।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত