আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ থেকে নারী বিশ্বকাপ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৮ এএম

আজ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে সপ্তম নারী টি২০ বিশ্বকাপ। স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অজিদের সঙ্গে ভারতের উদ্বোধনী ম্যাচ, বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। এই ভারতের সঙ্গেই বাংলাদেশের প্রথম ম্যাচ, ২৪ ফেব্রুয়ারি। তার আগে দারুণ আত্মবিশ্বাসের জোগান পেয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে সালমারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫ রানে জিতেছে ম্যাচ।

বৃষ্টিতে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটা ভেসে যাওয়ায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক একটি ম্যাচই পেয়েছিল বাংলাদেশের নারীরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন ওপেনার মুর্শিদা খাতুন। সালমা খাতুন টস জিতে আগে ব্যাটিং নেন। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তোলে ১১১ রান। ওপেনার মুর্শিদা খাতুন ৩৮ বলে ৪৩ রান করে রানআউট হন। ফারজানা হক করেন ২১ রান। জবাবে পাকিস্তান ১৯.৪ ওভারে ১০৬ রানে অল আউট হয়। ওপেনার জাভেরিয়া খান করেন ৪১ রান। তিনি ছাড়া পাকিস্তানের আর কোনো নারী ক্রিকেটার দাঁড়াতে পারেননি। শেষের দিকে আলিয়া রিয়াজ ১৮ রান করে চেষ্টা করেছিলেন। কিন্তু জাহানারা আলম আর খাদিজা তুল কুবরার দুরন্ত বোলিংয়ের সামনে সে চেষ্টা মুখ থুবড়ে পড়ে। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার জাহানারা। ১১ রানে ৩ উইকেট নেন স্পিনার খাদিজা। যাদের বিপক্ষে আন্তর্জাতিক টি২০তে ১৫ ম্যাচে একটিমাত্র জয় বাংলাদেশ, সেই পাকিস্তানকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সালমা, ‘এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে। এখন আমরা বিশ্বকাপের শুরুটা ভালো করতে চাই।’

তবে খুশির মাঝেও নিজেদের দুর্বলতাটা ধরতে পারছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ব্যাটিংয়ে খুশি হলেও বেশ কিছু দুর্বলতা চোখে পড়ছে। শেষ ৫ ওভারে ব্যাটিং ভালো হয়নি। রান তোলার হার খুবই কম ছিল। বোলাররাও পাকিস্তানের ব্যাটিংয়ের শেষ দিকে ইয়র্কারের ব্যবহার ঠিকমতো করতে পারেনি। এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এ ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে নিজেদের নিয়ে নতুন করে ভাবার একটা বড় সুযোগ।’

‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ছাড়াও আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ডকে নিয়ে ‘বি’ গ্রুপ। সেরা দুই দল উঠে যাবে সেমিফাইনালে। ফাইনাল হবে ৮ মার্চ, মেলবোর্নে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত