করোনাভাইরাস

শনাক্তের জন্য বাংলাদেশকে ৫০০ কিট দিল চীন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫১ এএম

করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) দিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এগুলো পাওয়ার কথা জানান।

কিটের পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয় এখনো বিশ্লেষণ করেনি আইইডিসিআর।এগুলো দিয়ে কতটি পরীক্ষা করা যাবে, তাও স্পষ্ট নয়। তবে এগুলো পিসিআর করতেই ব্যবহার করা হবে জানান সেব্রিনা।

বাংলাদেশে করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘চারজন চীনা নাগরিকসহ এখন পর্যন্ত ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এরপরও বাড়তি সতর্কতা হিসেবে চীন বা সিঙ্গাপুরফেরত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি অথবা কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গাজীপুরের আশকোনা থেকে বাড়ি ফেরা ৩১২ জনের সবাই ভালো আছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।’

উহানফেরত ৩১২ জন সুস্থ : করোনাভাইরাসের উৎপত্তিভূমি চীনের উহান থেকে ফেরত ৩১২ জনের সবাই সুস্থ আছেন বলে জানান আইইডিসিআর পরিচালক। কোয়ারেন্টাইন-পরবর্তী আরও ১০ দিন তাদের স্বাস্থ্য পরিস্থিতি জানানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুর পরিস্থিতি : এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজন আইসিইউতে, বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত