‘শুধু অনুশীলনের জন্য মোস্তাফিজকে টেস্ট স্কোয়াডে নেওয়া’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৪ পিএম

পাকিস্তান সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। তবে এক সিরিজ পরই ফের মোস্তাফিজুর রহমানকে ফেরানো হয় দলে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে মোস্তাফিজকে খেলানোর জন্য ফেরানো হয়নি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন এমনই।

নভেম্বরে ভারত সফরে টেস্ট দলে থাকলেও মোস্তাফিজুর রহমান খেলার সুযোগ পাননি দুই টেস্টের কোনোটিতেই। বাদ পড়ে যান পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দল থেকে। কোচ রাসেল ডমিঙ্গো তখন সরাসরি বলে দেন, কিছু দিক উন্নতি করেই টেস্ট দলে ফিরতে হবে কাটার মাস্টারকে।

তবে ২৪ বছর বয়সী মোস্তাফিজকে এক টেস্ট পারই আবার ফেরানো হয়েছে টেস্ট স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে মোস্তাফিজের ফেরাটা সবাইকে তাই অবাকই করেছিল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, বিসিএলের পারফরম্যান্স দেখেই মোস্তাফিজকে নেওয়া হয়েছে।

তবে কোচ রাসেল ডমিঙ্গো আগের অবস্থান থেকে সরছেন না। লাল বলে ফিরতে মোস্তাফিজকে এখনো যথেষ্ট উন্নতি করতে হবে বলেই মনে করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশেও যে মোস্তাফিজের জায়গা হচ্ছে না, সেটি খোলাখুলিই বলেছেন ডমিঙ্গো।

মিরপুর টেস্টের আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি না কিছু টেকনিক্যাল কাজ করার আগে সে দলে ফেরার জন্য তৈরি। তাকে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল সুইং করানো শিখতে হবে। তাকে দলে সুযোগ করে দেওয়ার মানে বোলিং কোচের সঙ্গে তাকে আরও কিছু কাজ করার সুযোগ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা।’

ডমিঙ্গো যোগ করেন, ‘খেলার জন্য নয়, বরং প্রশিক্ষণ করে নিজেকে ঠিকঠাক করার জন্যই তাকে দলে নেওয়া হয়েছে। গিবসনের সাথে আরেকটু কাজ করা। আস্থার জায়গা আরেকটু মজবুত করা। মোস্তাফিজ এই টেস্টে খেলছে না।’

মোস্তাফিজকে সাদা বল ও লাল বল দুই ধরনের ক্রিকেটের জন্যই তৈরি হতে পরামর্শ দিয়েছেন বলেও জানান ডমিঙ্গো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত