তীব্র শীত উপেক্ষা করে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টরোন্টোতে বিপুলসংখ্যক বাংলাদেশি সমবেত হয়েছিলেন।
২১ ফেব্রুয়ারি সেখানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৬ ডিগ্রি নীচে। বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। তবু বিপুলসংখ্যক নারী-পুরুষ, শিশু নির্বিশেষে সকলে সমবেত হয়েছিলেন টরোন্টোর ডেনফোর্থ সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।
শহীদ মিনারে পুস্ত স্তবক অর্পণের আগে তাদের অনেকে প্ল্যাকার্ড, পোস্টার হাতে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ জানান। এ সময় তারা রেড হট তন্দুরির সামনে অবস্থান করে স্লোগানও দেন।
এছাড়া, অন্টারিও আওয়ামী লীগ একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর আগে লুটেরা বিরোধী মানববন্ধন করে।
প্রসঙ্গত দেশ রূপান্তরসহ ঢাকার কয়েকটি জাতীয় দৈনিকে কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার পর আন্দোলন করছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা।
