আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত এক দশকে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়ন এখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি-লুটপাটের মাধ্যমে দেশকে পেছনে নিয়ে যায়। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
শিক্ষামন্ত্রী রবিবার সিলেটের ওসমানী নগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূত হয়ে কাজ করছেন। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষাক্ষেত্রেও তাদের অবদান রয়েছে।
শিক্ষামন্ত্রী অচিরেই ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুইটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে এ বছর এই দুই উপজেলার দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ টাকার সহায়তামূলক বৃত্তি বিতরণ করা হয়।
