গুগলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেট গ্রুপে যে কেউ ঢুকে পড়তে পারছে। সম্প্রতি এক জার্মান সাংবাদিকের টুইটার পোস্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
এনডিটিভি জানায়, আমন্ত্রণ জানাতে শেয়ার করা লিংক শেয়ার থেকে তালিকা তৈরি করে ফেলছে গুগল। গ্রুপের অ্যাডমিন কোনো চ্যাট বাতিল করে নতুন একটি লিংক তৈরি করলেও আগের লিংকটি থেকে যায়। ফলে প্রাইভেট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে পড়তে পারছে যে কেউ।
অ্যাপ রিভার্স প্রযুক্তিবিদ জেন ওয়ং জানান, যে কোনো শব্দ দিয়ে সার্চ করলেই গুগলে অন্তত ৪ লাখ ৭০ হাজার পাতার লিংক দেখায়। এর একটি অংশ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমন্ত্রণ।
কানাডার ভাইস মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান মাদারবোর্ড এমন বিপুল গ্রুপের হদিস পেয়েছে, যেগুলোর মাধ্যমে মূলত পর্নোগ্রাফি আদানপ্রদান করা হয়েছে। একই পদ্ধতিতে জাতিসংঘ স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী সংস্থার গ্রুপে ঢুকতে সক্ষম হয় তারা। সেখানে সংস্থাটির সব সদস্যের নাম ও ফোন নম্বরও উন্মুক্ত হয়ে পড়ে।
গুগলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কোম্পানিটির ‘সার্চ’ সংক্রান্ত এক কর্মকর্তা ড্যানি সুলিভান টুইটারে জানান, ‘একটি ওয়েবসাইটের পাতাগুলো খুঁজে পেতে তার লিংক বা ইউআরএলের তালিকা তৈরি হয়, এ ক্ষত্রেও তেমনটিই ঘটে।
মূলত কেউ যখন প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, পাবলিক ডোমেনে থাকা কোনো ফোল্ডারে রাখেন, তখনই এমনটা ঘটছে। ফলে সেটি আর গোপন থাকে না। যে কেউ গুগলের মাধ্যমে ঢুকে পড়তে পারছে তাতে।
