ওয়ার্নারকে আটকে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প পুঁজি নিয়েও দারুণ এক জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে জয় তুলে নেয় স্বাগতিকেরা। ফলে সিরিজে এখন ১-১ সমতা।

টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক কুইন্টন ডি কক যদিও ৪৭ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন। ৫ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন রাসি ভন দার ডুসেন।

১৫৯ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার কাছে তেমন কিছু হওয়ার কথা ছিল না। ডেভিড ওয়ার্নারের ব্যাটে দারুণভাবেই এগোচ্ছিল দলটি। কিন্তু ওয়ার্নার শেষ পর্যন্ত অপরাজিত ৬৭ রানের ইনিংস খেললেও জয় পায়নি অস্ট্রেলিয়া।

শেষ ৩ ওভারে ২৫ রানের সমীকরণ মেলাতে পারেনি অতিথি দল। ওয়ার্নার ৫৬ বলে অপরাজিত ৬৭ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি।

ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডি কক। বুধবার কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত