জেল থেকে বেরিয়ে পোশাক শ্রমিককে ফের ধর্ষণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ এএম

সাভারের আশুলিয়ায় নারী শ্রমিককে (১৯) ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে রানা সরকার (২৫) ও আরিফ হোসেন (২৯) নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রানা সরকার এর আগেও একটি ধর্ষণ মামলায় কারাগারে গিয়েছিল। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও ওই নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণ করল সে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামিম গ্রুপ নামে স্থানীয় একটি পোশাক কারখানায় একসঙ্গে চাকরি করার সুবাদে সামিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারী শ্রমিকের। গত রবিবার রাত ৮টার দিকে ভুক্তভোগী ওই নারী নরসিংহপুর এলাকার বান্ধবীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে সামিউলের সঙ্গে তার দেখা হয়। এ সময় সামিউল ওই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আগে থেকেই অবস্থান করা বন্ধু আরিফ ও রানাসহ ওই নারীকে দল বেঁধে ধর্ষণ করে সামিউল। ঘটনার পরদিন সোমবার আশুলিয়া থানায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ করে। এ ঘটনায় ওই রাতেই নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে রানা ও আরিফকে গ্রেপ্তার করা হলেও সামিউল পলাতক। 

আশুলিয়া থানার ওসি ফজলুল হক দেশ রূপান্তরকে জানান, সোমবার রাতে থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী ওই নারী। পরদিন মঙ্গলবার ওই অভিযোগ নথিভুক্ত করা হয়। এরপর অভিযুক্ত দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পলাতক অপর আসামি সামিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত