বিকাশ প্রতারক চক্রের ‘হোতা’ রেজাউল গ্রেপ্তার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৭ এএম

রাজধানীর দারুস সালাম থানার উত্তর টোলারবাগ থেকে রেজাউল মাতুব্বর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার টোলারবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির দাবি, রেজাউল বিকাশ প্রতারক চক্রের মূল হোতা।

সিআইডির অতিরিক্ত এসপি মো. ফারুক হোসেন দেশ রূপান্তরকে জানান, সম্প্রতি একটি চক্র আমেরিকা ও কানাডাফেরত প্রবাসী দ্বীন মোহাম্মদকে ফোন করে রবি কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে লটারিতে গাড়ি-বাড়ি পেয়েছেন প্রলোভন দেখিয়ে তার থেকে ১২২টি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ডিএমপির খিলগাঁও থানায় একটি মামলা করেন দ্বীন মোহাম্মদ। ওই মামলার তদন্তে রেজাউলের নাম বেরিয়ে আসে। ফারুক হোসেন জানান, রেজাউল ও তার সহযোগীরা কৌশলে মোবাইল কোম্পানি ও বিকাশ কোম্পানি থেকে লটারিতে গাড়ি, বাড়ি ও টাকা পুরস্কারের কথা বলে প্রলোভন দেখায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়াও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন মহলে সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত