মহাখালীতে প্রেস লেখা স্কুটি আরোহী ২ নারী নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৪ জন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন, জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় কৃষক, লক্ষ্মীপুরে শিশুসহ পাঁচজন, জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকচাপায় যুবক, কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক ও গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় আরও এক যুবক নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল মঙ্গলবার সকালে রায়গঞ্জের ভূঁইয়াগাতী কালিকাপুর ও উল্লাপাড়ার পাঁচলিয়া সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রায়গঞ্জের তিন নান্দিনা গ্রামের আম্বিয়া বেগম (৬০), শুকুর আলী (৩০), উল্লাপাড়ার চর বোয়ালিয়া গ্রামের মোকদ্দেস আলী (৪৫) ও অজ্ঞাত যুবক (৩০)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভুঁইয়াগাতী কালিকাপুর এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ বাসযাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ, সলঙ্গা, হাটিকুমরুল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। দিনের অপর ঘটনায় সকাল ৯টার দিকে উল্লাপাড়ার পাঁচলিয়া মহাসড়কে বাসচাপায় মোকদ্দেস আলী (৪৫) নিহত হন। এসব ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : লক্ষ্মীপুর সদরে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গতকাল মঙ্গলবার রাতে বটতলী এলাকার ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টায় রিপোর্টটি লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটতলী এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের (পাজেরো গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাচালক ও যাত্রীসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। ওই হাসপাতালে তারা চিকিৎসাধীন। 

এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ফাহিমা আক্তার জুঁই (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফাহিমা আক্তার উপজেলার সোনাপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে ও একই এলাকার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় কৃষক নিহত : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সমসাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  রবিউল একই এলাকার প্রয়াত হবিবর রহমানের ছেলে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, মঙ্গলবার সকালে সাইকেলে করে মাঠের ক্ষেত দেখতে যাচ্ছিলেন রবিউল। পথে সমসাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে।

জামালপুরে ট্রাকচাপায় যুবক নিহত : জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকচাপায় খোকা মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে তারাকান্দি-ভুয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। খোকা মিয়া উপজেলার পিংনা এলাকার বাসুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে পিংনা বাজারে তার কাঠের দোকানে যাচ্ছিলেন খোকা মিয়া। পথে তারাকান্দি-ভুয়াপুর সড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন খোকা মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের : গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বরমী-মাওনা সড়কের সাতখামাইর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ মোড়ল (২৮) কাপাসিয়ার সিংহশ্রী গ্রামের মো. ফজর আলীর ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক তিনি। আহতরা হলেন, মাহতাবপুর এলাকার হাবিব উল্লাহ (২৫) ও রাসেল (২৫)। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন নাহিদ। পথে সাতখামাইর চেরাগ আলী (র.) মাজারের সামনে বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মামুন হোসেন (২৬) নামে এক আলমসাধুচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  মামুন উপজেলার বলরামপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জের বালিয়াডাঙ্গা বাজার থেকে আলমসাধু চালিয়ে কালীগঞ্জ শহরে ফিরছিলেন মামুন হোসেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত