আশুলিয়ায় ফুটওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেল এসএসসি পরীক্ষার্থী জোনায়েদ হোসেন ইমন (১৬)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৩ ফেব্রুয়ারি নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ফুটওভারব্রিজ পারও হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়। আশুলিয়ার কবিরপুর এলাকার গফুর মিয়ার ছেলে ইমন স্থানীয় কবিরপুরের অঞ্জনা মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
গফুর মিয়ার অভিযোগ, ফুটওভারব্রিজটির অধিকাংশ কাজ শেষ হলেও পূর্ব পাশের সিঁড়ির ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তার টানা ছিল। ব্রিজের পূর্ব পাশের অংশ ছাউনি না দিয়েই কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পারাপারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় ইমনের। তিনি বলেন, ‘শুধু অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ দিতে হলো ছেলেকে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
×
