দিল্লি পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ এএম

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ দেশ হিসেবে এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি ফেরাতে ভারত সরকার যথাযথ ভূমিকা রাখবে বলে মনে করি। গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুলের এ প্রত্যাশার কথা জানানো হয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ভারত

সরকার কর্র্তৃক পাসকৃত বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা ইতিমধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মের সম্প্রদায়ের ভারতীয়ই আছেন। তিনি বলেন, ভারতের বহুত্ববাদের আদর্শ থেকে যেকোনো বিচ্যুতি সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিতের পথে একটি অনিবার্য বাধা। চলমান দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গা তা আবার সুস্পষ্ট উদাহরণ হিসেবে প্রমাণ করল।

মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ বরাবরই উদ্যমী। প্রতিবেশী দেশের নাগরিকদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে বিএনপি তাই সবসময়ই ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে। বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের সমাধান করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত