ক্রাইস্টচার্চেও একই পরিকল্পনা নিউজিল্যান্ডের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫১ এএম

২০১৮ সালের পর এই পরিস্থিতিতে পড়তে হয়নি ভারতকে। সে বছর ইংল্যান্ডের মাটিতে সিরিজ হেরেছিল বিরাট কোহলিরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে চারটিতেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা। কিন্তু নিউজিল্যান্ডে চলমান টেস্ট সিরিজে নিজেরাই এখন হোয়াইটওয়াশের হুমকিতে। কিউইদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের হার ভারতের। সর্বশেষ ২০১৩ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ১০ উইকেটে টেস্ট হার ছিল। এরপরও অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংসে হার এবং একটি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে হারে ভারত। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই অমন বড় হার আবারও ভারতকে টেস্ট চিন্তায় ফেলে দিচ্ছে। ক্রাইস্টচার্চে আগামীকাল ভোর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচেই ভারত ব্যাটসম্যানদের আটকাতে পেস ব্যাটারি নিয়ে তৈরি নিউজিল্যান্ড।

কিউইদের বিপক্ষে ভারতের হতাশার কারণ কোহলি-শামি-বুমরাহ’র ব্যর্থতা। ভারতের টেস্ট সফলতার তিন তারকাই ওয়েলিংটনে হতাশ করেছেন চরম ভাবে। ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ কোহলি গত টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২১। প্রথমটিতে ২ ও দ্বিতীয়টিতে ১৯ রানে আউট হন কোহলি। এদিকে ওয়ানডে সিরিজে উইকেটহীন থাকা বুমরাহ পেয়েছেন মাত্র ১ উইকেট। ক্যারিয়ারে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে উইকেটশূন্য থেকেছেন বুমরাহ। এছাড়া ভারতের অপর সেরা পেসার মোহাম্মদ শামি ওয়েলিংটন টেস্টে উইকেট নিয়েছেন মাত্র ১টি। টেস্টে ভারতের সেরা তিন তারকার ব্যর্থতাই কঠিন করে দিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের জয়কে।

ক্রাইস্টচার্চেও কোহলিদের এই অফ-ফর্ম চাইছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান টম ল্যাথাম। বিশেষ করে কোহলির ব্যর্থতার পুনরাবৃত্তি চাইছেন তারা। এরজন্য ভারত অধিনায়কের দুর্বল জায়গা সিম বোলিংয়ে নজর দিচ্ছেন কিউই পেসাররা। কোহলিকে অফস্টাম্পের বাইরের বল খেলানোর চেষ্টা করাটা দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের পরিকল্পনায় আছে। টম ল্যাথাম জানান, ‘কোহলি যখন নামবে ওর জন্য আমরা প্রস্তুত থাকব। সে দারুণ ব্যাটসম্যান এ কারণেই র‌্যাংকিংয়ের ওপরে তার অবস্থান। সে সব কন্ডিশনেই ভালো খেলার ধারাবাহিকতা রেখেছে। ক্রাইস্টচার্চের উইকেট কী হবে সেটা এখনই বলতে পারছি না। তবে যদি সিমিং উইকেট হয় আরও একবার অফস্টাম্পের বাইরের বলে মুভমেন্ট দিয়ে কোহলিকে আটকানোর চেষ্টা থাকবে।’ বুমরাহ ও শামি এক টেস্ট বাজে খেললেও তাদের সমীহের চোখেই দেখছেন ল্যাথাম। জানালেন, ‘ওরা বিশ্বমানের বোলার। এক টেস্ট হয়তো খারাপ খেলেছে তার মানে এই নয় যে পরের ম্যাচে খারাপ করবে। এই ম্যাচে তারা ভালো করতে পারে। সেটা ভেবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে নিউজিল্যান্ডের বোলিং শক্তি বাড়িয়ে এই টেস্টের দলে ফিরেছেন কিউই পেসার নেইল ওয়াগনার। টানা ওভার করে যাওয়া ও মারাত্মক বাউন্সে দারুণ সিদ্ধহস্ত এই পেসার। অস্ট্রেলিয়া সিরিজে নিউজিল্যান্ডের বাজে সময়েও একমাত্র ওয়াগনার ভালো করেছিলেন। ওয়াগনারের ফেরা নিউজিল্যান্ডের পেস শক্তি আরও বাড়াবে বলে জানান ল্যাথাম, ‘ওকে এখনো বল করতে দেখিনি তবে আমি নিশ্চিত সে মাঠে নামার জন্য প্রস্তুত হয়েই এসেছে। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে অবশ্যই ওয়াগনারের মতো পেসারকে দরকার ছিল।’

ওয়েলিংটন টেস্টে ভারতের হয়ে একমাত্র পারফরমার ছিলেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। দুই ইনিংসেই সর্বোচ্চ রান ছিল তার। রাহানের বিশ্বাস ক্রাইস্টচার্চের উইকেট ব্যাটিং সহায়ক হবে। সিরিজের আগে ভারত এ দল খেলেছিল হ্যাগলে ওভালে। তারাই রাহানেদের এই উইকেট সম্পর্কে ধারণা দেন। রাহানে জানান, ‘ওয়েলিংটনে খুব সুইং ছিল। আশা করি ক্রাইস্টচার্চে এমনটা হবে না। কারণ এখানের উইকেট একটু শক্ত দেখলাম। তাছাড়া এ দলের হয়ে খেলা হনুমা বিহারি (বর্তমান টেস্ট দলের সদস্য) জানাল এই পিচ একটু শক্ত। তাই আশা করছি এখানে রান হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত