পাবনার আতাইকুলায় কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ভোর ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আতাইকুলা থানার মধুপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও একই থানার ভবানীপুর গ্রামের বাবু হোসেন (৫০)।
এ ঘটনায় আহত তিনজনকে রাজশাহী ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা মধুপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা পাবনা শহরের দিকে আসছিল। অটোরিকশাটি মধুপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আবদুল হামিদ নামের একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবু হোসেন নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আহত অপর তিনজনের মধ্যে শরীফ হোসেন (৩০) ও আবদুল লতিফকে (৪০) মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল আর নাজির হোসেনকে (৩০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
