বগুড়ায় ট্রাকচাপায় সংবাদপত্র হাকার্স ইউনিয়নের নেতা নিহত

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৩:২৯ পিএম

বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় সংবাদপত্র বিক্রেতা আবু সাঈদ (৪৮) নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, আবু সাঈদ তার গ্রামের বাড়ি কাহালু উপজেলার জামগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন।

বয়ড়াদিঘী নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাক চাপায় তার মাথাসহ মুখমণ্ডল থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল জানান, আবু সাঈদ মোটরসাইকেলযোগে শহরের বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করতেন।

শনিবার বিকেলে তিনি গ্রামের বাড়িতে যান। ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন। রবিবার বাদ জোহর তার জানাজা শেষে শহরের ঠনঠনিয়া দক্ষিণ বগুড়া গোরস্থানে লাশ দাফন করা হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম আহম্মেদ বলেন, নিহতে মুখ মণ্ডলসহ মাথা থেঁতলে যাওয়ায় প্রথমে কেউ তাকে চিনতে পারেনি। পরে তার পকেটে থাকা পরিচয়পত্র দেখে নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত