জিম্বাবুয়েকে ৩২৩ রানের লক্ষ্য দিল টাইগাররা

আপডেট : ০৩ মার্চ ২০২০, ১২:৩৩ পিএম

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। প্রতিপক্ষকে ছুড়ে দিল ৩২৩ রানের পাহাড় লক্ষ্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩২২ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এটিই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। আগের সংগ্রহটি ছিল ৬ উইকেটে ৩২১। ঠিক আগের ম্যাচেই যে স্কোর করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল।

সেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১৬৯ রানের বিশাল ব্যবধানে। রানের হিসেবে যা বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এদিন তামিম ইকবাল খেলেছেন রেকর্ড ইনিংস। ১৫৮ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে যা সর্বোচ্চ রানের ইনিংস। ১৩৬ বলে ২০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তামিম। এ ছাড়া মুশফিকুর রহিম ৫৫, মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও মোহাম্মদ মিঠুন অপরাজিত ৩২ রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন চার্ল মুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

তিন শ পেরোল বাংলাদেশ

দলীয় স্কোর ৩০০ পেরোল বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ৩০০ পূরণ হয় বাংলাদেশের স্কোর।

১৫৮ করে ফিরলেন তামিম

ফিরলেন তামিম ইকবাল। তার আগে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন। চার্ল মুম্বার বলে মুতোমবোদজিকে ক্যাচ দেন তামিম। ৪৫.৪ ওভারে ২৯২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

তামিম ১৩৬ বলে ২০ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১৫৮ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের তামিমের এটি ১২তম সেঞ্চুরি।

ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ রানটিও ছিল তামিমের। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৯ সালে খেলেছিলেন ১৫৪ রানের ইনিংস।

সীমানার কাছে ক্যাচ দিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অল্পের জন্য ফিফটি পূরণ করতে পারলেন না। উইকেট ছাড়া হয়েছেন সীমানার কাছে ক্যাচ দিয়ে।

অফস্পিনার ওয়েসলি মাধেভেরের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু সীমানার উপর চার্লটন টিশুমার ক্যাচে পরিণত হন পাঁচ নম্বরে নামা এই ব্যাটসম্যান।

উইকেট ছাড়ার আগে ৫৭ বলে তিন চারে ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ওপেনার তামিম ইকবালের সঙ্গে গড়ে যান ১০৬ রানের জুটি। ২৫৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিংয়ে এসেছেন মোহাম্মদ মিঠুন। জুটি গড়েছেন তামিমের সঙ্গে।

তামিমের দাপুটে সেঞ্চুরি

আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। এই ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

স্পিনার শন উইলিয়ামসের করা ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে দুই রান নিতেই সেঞ্চুরি পূর্ণ হয় তামিমের। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটা তার দ্বাদশ শতক। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক।

সেঞ্চুরি পূর্ণ করতে তামিম খেলেছেন ১০৬টি বল। তাতে চারের মার ১৪টি।  এর আগে ৪২ বলে ১০ চারে ফিফটি পূর্ণ করেন তিনি। তামিমের সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০১৮ সালের, জুলাইয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অসাধারণ ইনিংসটি খেলার পথে তামিম ওপেনিং লিটন দাসের সঙ্গে গড়েন ৩৮ রানের জুটি।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন ২৭ রানের জুটি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৮৭ রানের জুটি। চতুর্থ উইকেটে মাহমুদল্লাহ রিয়াদের সঙ্গে তার জুটি ৫০ ছুঁই ছুঁই।

৭ হাজারি ক্লাবে তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ব্যাটিংয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ দলের এই ওপেনার তামিম ইকবাল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা এই ব্যাটসম্যান।

তিরিপানোর করা ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বরে চার হাঁকিয়ে সাত হাজার রানের মাইলফলক পার হন তামিম। এজন্য বাঁহাতি এই ওপেনার খেলেছেন ২০৪ ইনিংস। হাঁকিয়েছেন ১১ শতক ও ৪৮ অর্ধশতক!

অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন মুশফিক

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটা বেশি দূর এগিয়ে নিতে পারেননি মুশফিকুর রহিম। ওয়েসলি মাধেভেরের বলে মাটুমবোদজিকে ক্যাচ দিয়ে ফিরিছেন তিনি।

মুশফিকের বিদায়ে ১৫২ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৮৭ রানে ফাটল ধরে তামিম ইকবালের তার ৮৭ রানের জুটির।

মুশফিকের বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেঞ্চুরির দিতে এগুতে থাকা তামিমের সঙ্গে জুটি গড়েছেন তিনি।

মুশফিকের ফিফটি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফিরেছিলেন থিতু হয়ে। তবে দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে ভুল করলেন না মুশফিকুর রহিম। মারমুখী ব্যাটিংয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮তম অর্ধশতক তুলে নিলেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

তিরিপানোর করা ইনিংসের ২৫তম ওভারের শেষ বলে এক রান নিতেই ফিফটি পূর্ণ হয় মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষেই একমাত্র টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইনিংস খেলেছিলেন তিনি।

তৃতীয় উইকেটে তামিম-মুশফিকের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে এ জুটির রান ৮০ ছাড়িয়েছে।

১০০ ছাড়িয়ে বাংলাদেশ

তামিমের মারমুখী ব্যাটিং ও মুশফিকুর রহিমের সাবধানী শুরু- দুই মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একশো ছাড়িয়েছে বাংলাদেশের সংগ্রহ।

৭.৫ ওভারে ফিফটি পূর্ণ করা স্বাগতিকদের রান তিন অঙ্ক স্পর্শ করেছে ১৯ ওভার চতুর্থ বলে। শন উইলিয়ামসনের বল শর্ট ফাইন লিগ দিয়ে বাউন্ডারি ছাড়া করে করতেই একশো পার হয় বাংলাদেশের রান।

তামিম-মুশফিক জুটির রান এরই মধ্যে ৩৫ ছাড়িয়েছে। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছেন মুশফিক। ফিফটি হাঁকানো তামিম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন।

তামিমের ফিফটি

শুরু থেকে দারুণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি তুলে নিলেন তামিম ইকবাল। এই ওপেনারের ব্যাটের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ।

ওয়েসলি মাধেভেরির করা ইনিংসের একাদশতম ওভারের শেষ বল লেগে ফ্লিক করে একরান নিতেই অর্ধশতক পূর্ণ হয় তামিমের। ওয়ানডেতে ৪৮তম শতকটি পূর্ণ করতে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান খেলেছেন ৪২টি বল। হাঁকিয়েছেন ১০টি চার।

রান-আউট হয়ে ফিরলেন শান্তও

ওপেনার লিটন দাসের পথেই পা বাড়ালেন নাজমুল হোসেন শান্ত। রান-আউট হয়ে ফিরেছেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। তাতে দলীয় ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ।

শান্তর বিদায়ের পর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম। ওপেনার তামিমের সঙ্গে জুটি গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

রান-আউট হয়ে ফিরলেন লিটন

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বড় কিছু করবেন বলে আশা করা হচ্ছিল। সেটা পারলেন না। দুর্ভাগ্যজনক এক রান-আউটে ফিরতে হয়েছে তাকে।

রান নেওয়ার জন্য ছুটছিলেন নন-স্ট্রাইকে থাকা লিটন। বল কুড়িয়ে থ্রো করতে চেয়েছিলেন বোলার চার্ল মুম্বার। কিন্তু বল হাতে না নিতে পারলেও তার পায়ে বল লেগে বাঁক বদলে স্টাম্পে আঘাত হানে। লিটন স্বস্থানে ফিরতে চাইলেও অল্পের জন্য ব্যর্থ হন।

লিটনের বিদায়ে দলীয় ৩৮ রানে ফাটল ধরে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। তাতে সিলিট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

ম্যাচটিতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশ।

একই ভেন্যুতে গত রোববার সিরিজের প্রথম ম্যাচে অতিথিদের ১৬৯ রানে হারায় টাইগাররা।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হালকা চোটে ভুগছিলেন প্রথম ম্যাচে ২২ রানে তিন উইকেট নেওয়া সাইফউদ্দিন। আশানুরূপ ভালো খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন দুই পেসার শফিউল ইসলাম ও আল-আমিন।

বাংলাদেশ দল: লিটন দাস (উইকেটকিপার), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন

পরিবর্তন জিম্বাবুয়ে একাদশেও

টসের সময়ই আভাস মিলেছিল। টসে আসেননি চামু চিবাবা। চোটের জন্য ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন একাদশে ফেরা শন উইলিয়ামস। বাদ পড়েছেন ক্রিস এমপোফু, ফিরেছেন চার্লটন টিশুমা। অসুস্থতার জন্য এই ম্যাচেও নেই ক্রেইগ আরভিন।

জিম্বাবুয়ে: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবোদজি, ডনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা, চার্লটন টিশুমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত