আর একটু হলেই হারতে বসেছিল বাংলাদেশ। তবু শেষে ৪ রানের টানটান জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল মঙ্গলবার সিলেটে সিরিজ জিতেছে। তিন ম্যাচের সিরিজের একটি হাতে রেখে এ জয়ে ম্যাচের সেরা তামিম ইকবাল ১৫৮ রানের অসাধারণ এক ফেরার ইনিংসে।
২-০-তে সিরিজ জয় নিশ্চিত করার পর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তামিমের ফেরার কথাই টানলেন আগে, ‘অবশ্যই ওর জন্য ভালো, দলের জন্যও ভালো এই কারণে যে বড় রান করেছে। এটা খুব ইতিবাচক দিক।’
জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ করেও হারতে বসার অভিজ্ঞতা হজম করা কঠিন। কিন্তু এর মধ্যেও শিক্ষা দেখেন অধিনায়ক, ‘ভালো হয়েছে। কোন প্রতিপক্ষের বিপক্ষে তা বিষয় না, এরকম টানটান জয় আসলে বড় ম্যাচে গিয়ে সহায়তা করে। এরকম পরিস্থিতিতে কীভাবে স্নায়ু কাজ করে সে বিষয়ে।’
প্রথম ওয়ানডের চেয়ে এ ম্যাচে শিশির একটু বেশি ঝামেলা করেছে জানিয়ে মাশরাফী বললেন, ‘যখন ওদের ১৪০ ছিল থকন সিকান্দার রাজা ব্যাট করছিল। আমরা বোলাররা আলোচনা করছিলাম, উইকেটে খুব সহজে ব্যাটে আসছিল বল। গ্রিপ করতেও সমস্যা হচ্ছিল। আর উইকেটটা বেশি স্কিডি ছিল। বিশেষ করে সেøায়ার গ্রিপ করছিল না। সমস্যা হচ্ছিল।’
স্পর্শকাতর ইনজুরি থেকে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া মাশরাফীর মতে ঠিক। মোস্তাফিজুর রহমানকেও হিসেব করে ব্যবহার করা হচ্ছে। সেটাও ইতিবাচক মানেন। নিজের ব্যাপারে এ কারণে কিছুটা খুশি যে আগের ম্যাচের চেয়ে এটিতে সঠিক জায়গায় নিয়মিত বল ফেলতে পেরেছেন। কোটা শেষ করেছেন। বোলিং বিশ্লেষণ ১০-০-৫২-১। এ ম্যাচে অবশ্য ক্যাচ ধরতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে একটা সেলাই লেগেছে। খুব গুরুতর নয় তারপরও।
