তৃণমূলে দুর্নীতি প্রতিরোধ, এলাকাভিত্তিক দুর্নীতিবাজ গডফাদার শনাক্ত এবং আইনের আওতায় আনতে ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থাটির ২২টি সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে কমিশনের নিজস্ব গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এসব গোয়েন্দা কর্মকতার কার্যক্রম নিবিড় নজরদারির জন্য পরিচালক পদমর্যাদার আরও আটজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক কর্মকর্তারা জানান, এসব গোয়েন্দা কর্মকর্তা গোপনীয় একটি বিশেষ কোডের মাধ্যমে কমিশনে গোয়েন্দা তথ্য পাঠাবেন। এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘তৃণমূল থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করার জন্যই দুদকের এই কর্যক্রম। এর ফলে তৃণমূল থেকে দুর্নীতি উৎখাত করা সহজ হবে।’
