উন্নয়নশীল দেশগুলো পাবে ১২০০ কোটি ডলার

আপডেট : ০৪ মার্চ ২০২০, ১১:৪২ পিএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যতই দিন গড়াচ্ছে এ ভাইরাস মোকাবিলা কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য ১ হাজার ২০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। জরুরি এ অর্থ সহায়তার মধ্যে স্বল্প সুদে ঋণ, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা রয়েছে।

গতকাল বুধবার বিশ^ব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়। তথ্য অনুসারে ওয়াশিংটনভিত্তিক এ সংস্থাটি মঙ্গলবার জরুরি অর্থ সহায়তা সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বব্যাংক এ অর্থ সহায়তা দিচ্ছে যেন এর সদস্য দেশগুলো ভাইরাসটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

গত নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রাদুর্ভাবে বিশ্ব আরেকটি মন্দার মুখোমুখি হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তার মূল উদ্দেশ্য হলো দেশগুলো যাতে এ স্বাস্থ্য সংকট মোকাবিলা করতে পারে এবং এর প্রভাব মোকাবিলা করার জন্য বেসরকারি খাতের উন্নয়ন করতে পারে। এ অবস্থায় প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে ১২ বিলিয়ন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক ব্যাংক গ্রুপ। এ অর্থ করোনা প্রতিরোধে ব্যয় করা হবে। উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দেওয়া হবে যেন তারা তাদের নাগরিকদের মহামারী থেকে সুরক্ষা দিতে সক্ষম হয়। একই সঙ্গে অর্থনীতিতে এর প্রভাব কমিয়ে আনতে দেশগুলোর বেসরকারি খাতের সঙ্গে কাজ করা হবে।

এ বিষয়ে এক বিবৃতিতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলছেন, আমরা উন্নয়নশীল দেশগুলোকে দ্রুত সহায়তা দেওয়ার চেষ্টা করছি যেন তারা কভিড-১৯ রোগ মোকাবিলায় পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে জরুরি অর্থ সহায়তা, কৌশলগত পরামর্শ, প্রযুক্তিগত সহায়তাও রয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০২ জনের। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৬৯১ জন। এদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এরপর রয়েছে ইরান। সেখানে মৃত্যু হয়েছে ৭৭ জনের। এরপর দক্ষিণ কোরিয়ায় ৩২, যুক্তরাষ্ট্রে ৯, জাপানে ৬, ফ্রান্সে ৪, স্পেনে ১, হংকংয়ে ২, থাইল্যান্ডে ১, তাইওয়ানে ১, অস্ট্রেলিয়ায় ১ ও ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে মৃত্যু হয়েছে ৬ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত