পলিথিনে মোড়া নবজাতক পড়ে ছিল রাস্তার পাশে

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০১:২২ এএম

ঢাকার সাভারে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়া এক নবজাতক উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে রাস্তার পাশে পলিথিনের শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সম্রাট নামের এক যুবক। পরে নবজাতককে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতাল কর্র্তৃপক্ষের তত্ত্বাবধানে তার চিকিৎসাসেবা চলছে।

সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন দেশ রূপান্তরকে জানান, বিকেল ৫টার দিকে মুক্তির মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পলিথিনের শপিং ব্যাগের ভেতর মোড়ানো অবস্থায় নবজাতক এক কন্যাসন্তানকে দেখতে পান সম্রাট নামের এক যুবক। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসি জাকারিয়া বলেন, ‘নবজাতকটির বাবা-মা কে তা তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নবজাতকটিকে সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হবে।’

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়েমুল হুদা গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘নবজাতক কন্যাসন্তানটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। সে হাসপাতালেই আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত