গবেষণা যে দেশের কাজে লাগছে তা দেখতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০১:৪৮ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান করেন তিনি।

নির্বাচিত ফেলোশিপ ও অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অর্থের চেক তুলে দিয়ে ভাষণে গবেষণার ওপর অধিক গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “গবেষণা যে দেশের কাজে লাগছে তা দেখতে চাই।”

“কেবল গবেষণা করাটাই যথেষ্ট নয়। গবেষণালব্ধ ফলাফল দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারলেই সে গবেষণা সার্থক হবে”, এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করেছি।”

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি এবং পিএইচডি-উত্তর অধ্যয়ন/গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে। ২০১০-১১ অর্থ-বছর থেকে ২০১৯-২০ অর্থ-বছর পর্যন্ত ৫১৯ জনকে ১৫৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হয়েছে।

আরও বলেন, ২০০৯-১০ অর্থ-বছর থেকে এমফিল, পিএইচডি ও পিএইচডি-উত্তর পর্যায়ে শিক্ষার্থী ও গবেষকগণের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ দেওয়া হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন ছাত্র-ছাত্রী ও গবেষকগণের মধ্যে ৮২ কোটি ৬২ লাখ টাকা ফেলোশিপ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৩ হাজার ২শ’ জনকে ১৯ কোটি ৩৮ লাখ টাকা ফেলোশিপ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান গ্রুপের ৩শ’ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়।

পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়নকাজে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০৯-১০ অর্থ-বছর থেকে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞানী-গবেষকদের মধ্যে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ৩ হাজার ২৪২টি প্রকল্পের অনুকূলে ১৩০ কোটি ৯৩ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৫৬১ প্রকল্পের জন্য ৫৬১ জনকে ১৬ কোটি টাকা গবেষণা অনুদান দেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়টি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, ফেলোশিপ এবং অনুদান প্রাপ্ত শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত