স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০২:১৬ এএম

গাজীপুরের টঙ্গীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার রাতে মামলার পর হোসেন সরদার (৩২) ও মিঠু তালুকদার (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আসগরসহ (৩৪) বাকি তিনজন পলাতক। এর আগে ওই রাতে টঙ্গী পূর্ব থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আলী আসগর স্থানীয় ৪৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী। আর ভুক্তভোগী ওই নারী টঙ্গী থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তবে দলীয়ভাবে তার কোনো সাংগঠনিক পদ নেই বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে গ্রেপ্তার দুই যুবক আলী আসগরের বন্ধু।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বামীর সঙ্গে টঙ্গীতে বসবাস করেন এক সন্তানের জননী ওই নারী। শহরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিগত ১০ বছর ধরে আলী আসগরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুদের সহায়তায় একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে আসগর। সর্বশেষ গত ৫ ডিসেম্বর রাতেও তাকে ধর্ষণ করে সে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে বিয়ের বিষয়ে কথা বলার জন্য স্থানীয় তিস্তা গেট এলাকায় ওই নারীকে ডেকে নেয় আসগর। পরে তাকে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে নেয় আসগর ও তার সহযোগীরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এসআই আলামিন দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো নারী থানায় ধর্ষণের অভিযোগ নিয়ে এলে আমরা মামলা নিতে বাধ্য। তবে বিষয়টিকে এখনো ধর্ষণ বলতে পারছি না। তদন্তের পরই প্রকৃত রহস্য উন্মোচিত হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বাদীকে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টসহ আনুষঙ্গিক অন্যান্য তদন্ত সম্পন্ন হওয়ার পরই সবকিছু পরিষ্কার হবে। তবে স্থানীয় এক টোকাই হত্যার ঘটনায় ওই নারী ও তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত