টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১০:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজি উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল চারটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া পাহাড়ের পাদদেশে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। অভিযানে আরও ৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম এস দোহা, উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ও কনস্টেবল খোকন মিয়া আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ মোছনী নয়াপাড়া ৯নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে মো. খোরশেদ আলম (৩৯), টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) ও টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প নং- ২৭নং, ব্লক-বি/১১ এর বাসিন্দা আব্দুর রকিমের ছেলে মো. আমিন (২৫)।

নিহত অজি উল্লাহ মিয়ানমারের মংডুর শহরে ইনসং গোদাপাড়ার (বর্তমানে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের ই-ব্লক) বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে ও রোহিঙ্গা ডাকাত জকির আহমদের সেকেন্ড ইন কমান্ড ও তার ভাগনে।

ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর দুটি জ্যাকেট, র‌্যাবের পাঁচটি শার্ট, ২টি প্যান্ট, আরাকান বিজিপির ৫টি শার্ট, ৩টি প্যান্ট, এলজি তিনটি, ৩৬ টি খোসা, তাজা গুলি ১০ রাউন্ড, একটি বিদেশি পিস্তল, গুলি ৪টি, খোসা ১টি, একটি ম্যাগাজিন ও ২২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএম এস দোহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে ডাকাত ও সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাইমা সিফাত বলেন, পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিসহ চারজনকে হাসপাতালে আনেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার শরীরে দুইটি গুলির চিহ্ন দেখা গেছে। আহত পুলিশের তিন সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরও জানিয়েছেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত