বছিলা ব্রিজের বালু সরাল শিক্ষার্থীরা খোঁজ নেই কাউন্সিলরের

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০২:২৮ এএম

রাজধানীর বছিলায় শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা ব্রিজ) ওপর বালু জমে থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছিল। রাতে বাতি না থাকায় দুর্ঘটনার সঙ্গে হরহামেশা ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এ নিয়ে ২ মার্চ দেশ রূপান্তরে ‘আতঙ্কের নাম বছিলা ব্রিজ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা কাউন্সিলর সমস্যা সমাধানে আশ্বাস দিলেও ব্যবস্থা নেননি। তবে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ও সামাজিক সংগঠন ‘মানবতার হাত’- এর ২৫-৩০ সদস্য গতকাল শুক্রবার সকালে ব্রিজের ওপর থেকে এক ট্রাক পরিমাণ বালু সরিয়েছে। বাকি বালু আগামী শুক্রবার ছুটির দিনে সরানো হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের বালু সরানোর সময় সেখানে কেরানীগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা কামরুল হাসান সোহেল উপস্থিত হয়ে তাদের সাধুবাদ জানান। পরে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ছেলেগুলোর কাজকে সাধুবাদ জানাতে হবে। তারা অনেক ভালো কাজ করেছে। আমি আমার জায়গা থেকে তাদের সহায়তার চেষ্টা করব। ইউএনও স্যারের মাধ্যমে ব্রিজে বাতি লাগানোর ব্যবস্থা করব।’

গতকাল সরেজমিনে স্থানীয় জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসার শিক্ষার্থী ও মানববতার হাত সংগঠনের সদস্যদের বালু বস্তায় ভরে ভ্যানে করে সরিয়ে ফেলতে দেখা যায়। দুপুর ১২টা পর্যন্ত তারা এক ট্রাক পরিমাণ বালু সরায়।

মানবতার হাতের সভাপতি ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘দেশ রূপান্তরের প্রতিবেদন নজরে আসার পর আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ব্রিজ থেকে বালু সরাচ্ছি। মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তিন ভাগের এক ভাগ বালু সরানো হয়েছে। আগামী শুক্রবার বাকি বালু সরানো হবে।’ তিনি আরও বলেন, ‘ব্রিজে বাতি লাগানোর ক্ষমতা আমাদের নেই। বিষয়টি আমরা স্থানীয় কাউন্সিলরের নজরে আনব।’

এর আগে ২ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং ৩৩ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা কাউন্সিলর নুরুল ইসলাম রতন দেশ রূপান্তরকে জানান, দু-এক দিনের মধ্যে ব্রিজের বালু সরিয়ে ফেলা ও বাতি লাগানোর ব্যবস্থা তিনি করবেন। গতকাল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার ওয়ার্ডের কর্মীদের বালু সরাতে বলেছি। তারা দ্রুতই সরিয়ে ফেলবে। বাতি লাগানোর ব্যবস্থা হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত