ম্যাচ শুরু হওয়ার আগে চোখ কপালে ওঠার মতো কাজ করে বসলেন বোকা জুনিয়র্সের স্ট্রাইকার কার্লোস তেভেজ। ডাগ-আউটে থাকা প্রতিপক্ষের কোচ ম্যারাডোনাকে খেলেন গভীর চুমো। এরপর মাঠে নেমে খেললেন দারণ ফুটবল। তার একমাত্র গোলে জিমনেসিয়া লা প্লাটাকে হারিয়ে আর্জেন্টিনিয়ান প্রিমেরা ডিভিশনের শিরোপা জিতেছে বোকা জুনিয়র্স।
বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে লা প্লাটাকে ১-০ গোলে হারায় বোকা জুনিয়র্স। ম্যাচের ৭২তম মিনিটে কুড়ি মিটার দূর থেকে দারুণ এক শটে একমাত্র গোলটি করেন তেভেজ।
শিরোপা জিততে লিগের শেষ দিন ম্যাচটিতে ম্যারাডোনার লা প্লাটার বিপক্ষে জিততেই হতো বোকা জুনিয়র্সের। পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিভার প্লেট থেকে এক পয়েন্টে পিছিয়ে ছিল তারা।
শিরোপা জেতার ম্যাচে সেরাটা খেলা ছাড়া কোনো উপায় ছিল না বোকা জুনিয়র্স তারকা খেলোয়াড় তেভেজের। ৩৬ বছর বয়সী এই ফুটবলার জানান, ম্যাচের আগে প্রতিপক্ষের কোচ কিংবদন্তি ম্যারাডোনাকে চুমো খেয়ে ভাগ্য খুঁজে নিয়েছিলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের সাবেক খেলোয়াড় তেভেজ বলেন, “আমি জানতাম, দিয়েগোকে আমার চুমো খেতেই হবে।.... আমি ভাগ্যবান। মাঝে মধ্যে আপনাকে ভাগ্যকে খুঁজে নিতে হয়।”
এই নিয়ে ৩৪বার প্রিমেরা ডিভিশনের শিরোপা জিতল বোকা জুনিয়র্স। ক্লাবটির হয়ে তিনবার এই শিরোপা জিতলেন তেভেজ।
