অসাধারণ ব্যাটিংয়ের পর, দারুণ বোলিং। তাতে ফাইনালে ভারতকে উড়িয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে রোববার ভারতীয় নারী দলকে ৮৫ রানে হারায় ম্যাগ ল্যানিংয়ের দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের মধ্যে পাঁচবারই শিরোপা জিতল অস্ট্রেলিয়া!
জয়ের জন্য ১৮৫ রানের জবাবে পাঁচ বল বাকি থাকতেই ৯৯ রানে গুঁড়িয়ে যায় ভারতীয় নারী দল। দলটির প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের স্মৃতি মান্দানা (১১) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
সর্বোচ্চ ৩৩ রান করেন ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা দিপ্তি শর্মা। ভিদা কৃষ্ণমূর্তি করেন ১৯ রান। রিশা ঘোষের ব্যাট থেকে আসে ১৮ রান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে পেসার মেগান শাট চারটি উইকেট নেন; তিনটি উইকেট নেন জেস জোনাসেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। উড়ন্ত সূচনা এনে দেন অ্যালিসা হেলি ও বেথ মুনি।
দলীয় ১১৫ রানে রাধা যাদবের বলে উইকেট ছাড়ার আগে ৩৯ বলে সাত চার ও পাঁচ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার হিলি। এই ইনিংস খেলার পথে ৩০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা পুরুষ ও নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম অর্ধশতক।
৫৪ বলে দশ চারে ৭৮ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার বেথ মুনি।
ভারতের বোলারদের মধ্যে দিপ্তি শর্মা ৩৮ রানে দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন পুনম যাদব ও রাধা যাদব।
