করোনাভাইরাসের কারণে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) নির্মাণকাজের সময়ক্ষেপণ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প। নিজস্ব গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের জন্য এখন পর্যন্ত এ প্রকল্পের নির্মাণকাজের কোনো ধরনের সময়ক্ষেপণ হচ্ছে না।
তিনি জানান, এই প্রকল্পে ২৯৩ জন চীনা নাগরিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ৭২ জন ছুটিতে গিয়েছিলেন। সেখান থেকে ইতোমধ্যে ৪৫ জন ফিরে এসেছেন এবং কোয়ারেন্টাইন শেষ করে ২৭ জন কাজে যোগদান করেছেন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পে এখন পর্যন্ত ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। নদী বোরিং এর কাজ শেষ হয়েছে ১ হাজার ২২৮ মিটার। এই ধারা অব্যাহত থাকলে টানেলটি আগামী ২০২২ সালে যান চলাচলের উপযোগী হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের তুলনায় পদ্মা সেতুতে চীনা নাগরিক বেশি কাজ করছেন। এক্ষেত্রে করোনাভাইরাসের জন্য পদ্মা সেতুতে হয়তো কিছুটা সময় ক্ষেপণ হতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে। চট্টগ্রামে নির্বাচন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টা দেখবেন। সমস্যা মনে হলে তারাই সমাধান করে দেবেন। চট্টগ্রামের নির্বাচন চট্টগ্রামেই সমাধানের ব্যবস্থা করা হবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
