সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সবুর (৪৫) নামে এক চালক নিহত ও ৭ জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সায়েদাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী গ্রামীণ পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে পথে গ্রামীণ পরিবহনের চালক আব্দুস সবুর নিহত হয়।
তিনি আরও জানান, সি-লাইন পরিবহনের বাসটি সায়েদাবাদ রোড ডিভাইডার না মেনে উল্টো দিক দিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস দুটি আটক করেছে। সি-লাইনের চালক পালিয়ে গেছে।
