রাজধানীর শ্যামলী থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন সোমবার এ তথ্য জানান। এ ঘটনায় সুবর্ণা আক্তার (১৮) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. আনিচ উদ্দীন জানান, গত ৬ মার্চ মোহাম্মদপুর থানার শ্যামলী থেকে শিশু জান্নাত নামে তিন বছরের এক শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে জান্নাতের নানির মোবাইল নম্বরে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
জান্নাতের মা মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার পর থানা-পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তদন্ত শুরু করে।
ডিবি কর্মকর্তা জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে আনন্দ বাজার এলাকা থেকে সুবর্ণাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শিশু জান্নাতকে উদ্ধার করা হয়।
