সাভারে বেশি দামে মাস্ক বিক্রির অভিযোগে লাজ ফার্মা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মতিউর রহমান ও পাপন দেবনাথ নামে দুই বিক্রয়কর্মী আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে সাভার থানা রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ অভিযান পরিচালনা কালে এই সাজা প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এর চাহিদা বেড়ে যাওয়ায় সাভারের বিভিন্ন ফার্মেসিতে উচ্চমূল্যে তা বিক্রি হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় লাজ ফার্মা লিমিটেড নাম একটি ফার্মেসি দুই টাকা দামের মাস্ক ৪০ টাকায় বিক্রিকালে হাতেনাতে ধরা পড়ে।
ওই ফার্মেসিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মতিউর রহমান ও পাপন দেবনাথ নামে দুই বিক্রয়কর্মী আটক করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।
