চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি ৮ মার্চ সেন্সর সনদও পেয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।
এদিকে গত বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা মুক্তি পায়নি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, নানা কারণে সে সময়ে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে সিনেপ্রেমীদের জন্য আশার খবর নিয়ে এলো ‘বিশ্ব সুন্দরী’ টিম। প্রযোজনা সংস্থা জানিয়েছে সিয়াম-পরীর ‘বিশ্ব সুন্দরী’ মুক্তি পাবে ২৭ মার্চ।
সিনেমাটির চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দীর্ঘ অপেক্ষার এবার অবসান হলো। আজ সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আশা করছি ২৭ মার্চ সিনেমাটি নিয়ে দর্শকদের সঙ্গে দেখা হচ্ছে।’
এর আগে মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজ ও জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে এক যোগে প্রকাশ হয়েছিল একটি গান। কণা ও ইমরানের গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
